হয়তো বা!
নদীর পাড়ে ডুব দিলো কে, জোছনা আলোয় চুপ কোরে ? ওমা! ও যে চাঁদের কণা ! এমন বুঝি রোজ করে ? তাইতো বলি, রাত হলে ওই নদীর কেন সাজের ধুম ! নদীর মনে ডুব দেয় চাঁদ, জগত্ যখন চুপ, নিঝুম! দিনটা সারা কাটে বুঝি নদীর খুবই ব্যস্ততায় ? অনেক মানুষ, নৌকা , স্টিমার , সূর্য আলোর মুগ্ধতায় ? কিন্তু যখন রাত্রি নামে, সুর্য লুকায় দিগন্তে, তখন বুঝি নদীর বুকে সময় কুলায়, একান্তে ? চুপি চুপি , মিষ্টি হেসে চাঁদ আসে ওই আকাশে , ছলছল চোখ নদীর তখন, চাঁদকে ডাকে তার পাশে ? ঝুপ কোরে তাই চাঁদ কি নামে, নদীর বুকে টুপ কোরে ? জড়িয়ে ধরে নদীর শরীর , আলিঙ্গনে? চুপ কোরে ? নদীর চোখে তখনই কি, জোয়ার আসে, উথলে কূল ? চাঁদকে নিয়ে বুকের মাঝে, সাঁতার কাটে? মন আকুল ? তখন ওরা কি গান করে ? কি সুর তার? ছন্দ কি ? সে কথাটা শুধুই জানে, নদী ও তার মানুষটি!